চট্টগ্রামে সংবাদ সংগ্রহের সময় এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজ রহমানের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাব এবং চট্টগ্রাম মহানগর সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজ) নেতৃবৃন্দ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজ রহমান জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর ও ছিনিয়ে নেয়, পাশাপাশি পেশাগত পরিচয়পত্র, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড লুট করে নিয়ে যায়।
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, সদস্য মুস্তফা নঈম ও গোলাম মওলা মুরাদ, এবং সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক যৌথ বিবৃতিতে বলেন — “জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে দাগি আসামি ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সাংবাদিকদের ওপর এ ধরনের নগ্ন হামলা মুক্ত গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। এই হামলাকারীদের কোনো রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হলে তা হবে গণতান্ত্রিক সমাজের জন্য ভয়াবহ বার্তা।”
নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চিহ্নিত হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। পাশাপাশি জঙ্গল সলিমপুরে যারা অবস্থান করছে, তাদের বিষয়ে প্রশাসন নিশ্চয়ই অবগত— তাই এ ঘটনায় কোনো গাফিলতি সহ্য করা হবে না।
তারা আরও আশা প্রকাশ করেন, সাংবাদিকদের ওপর হামলাকারীরা যে দলেরই হোক না কেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক দলগুলো গ্রেফতারে সর্বাত্মক সহযোগিতা করবে।
উল্লেখ্য, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জুনায়েদ/চট্টলা২৪

