চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট এলাকায় মোহাম্মদ আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহজনক চারজনকে আটক করেছে পুলিশ। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাত ও বুধবার রাউজানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে স্থানীয় বিএনপি কর্মীরা।
এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন।”
চট্টলা২৪-কে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, “ঘটনার পর সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।”
জুনায়েদ/চট্টলা২৪

