ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাতজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে পুরো ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী ও সন্দ্বীপের প্রবাসী শিপন এবং সজীব চৌধুরী জানান, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজ করতেন। বুধবার দুপুরে তারা কাজ শেষে সাগর থেকে ফেরার পথে দুকুম সিদরা এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ মরদেহ উদ্ধার করে দুকুম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতদের পরিচয়
নিহত সাতজনের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—
১. মোহাম্মদ আমিন সওদাগর (পিতা: আলী আকবার সেরাং)
২. আরজু (পিতা: শহীদ উল্লা)
৩. মোহাম্মদ বাবলু (পিতা: মনু মিয়া)
৪. সাহাব উদ্দিন (পিতা: সিদ্দিক আহমেদ)
৫. মোহাম্মদ রকি (পিতা: ইব্রাহিম মিস্ত্রি)
৬. জুয়েল (পিতা: জামাল উদ্দিন)
আরও এক নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
শোকের ছায়া সারিকাইতে
একই ইউনিয়নের সাত প্রবাসীর মৃত্যুতে সারিকাইত এলাকায় চলছে শোকের মাতম। নিহতদের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জুনায়েদ/চট্টলা২৪

