ভাষা সৈনিক মরহুম বদিউল আলম চৌধুরীর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় লালদীঘি দক্ষিণ পাড়স্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ’।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,
“ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরী ছিলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর। সমাজে আজ তাঁর মতো নির্লোভ, নিষ্ঠাবান ও স্পষ্টবাদী মানুষের বড়ই অভাব।”
তিনি স্মৃতিচারণ করে বলেন, “তার মৃত্যুর আগের দিন হাসপাতালে দেখা করতে গেলে তিনি আমাকে বলেন— দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন সত্যিকারের দেশপ্রেমিক, তিনি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবেন।”
সভায় সভাপতিত্ব করেন স্মরণসভা উদযাপন কমিটির সভাপতি কাজী শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন কাজী খোরশেদুল আলম, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ ও প্রশান্ত কুমার পাণ্ডে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মরহুম বদিউল আলম চৌধুরীর কন্যা ড. নাজনীন কাউসার চৌধুরী। তিনি বলেন,
“দেশের জন্য কাজ করতে হলে সবাইকে আন্তরিকভাবে দেশকে ভালোবাসতে হবে। আমার বাবা আমাকে কলমের মাধ্যমে দেশসেবার অনুপ্রেরণা দিয়েছেন, আমিও এখন সেই পথে কাজ করছি।”
দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক বলেন, “বদিউল আলম চৌধুরী ছিলেন ভাষা সৈনিক, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী— এই চার পরিচয়ই তাঁর জীবনকে পূর্ণতা দিয়েছে।”
এছাড়া বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদুল্লাহ, বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, চসিক বোর্ড সদস্য জাহেদুল করিম কচি, বিএনপি নেতৃবৃন্দ হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আলহাজ্ব বেলায়েত হোসেন, কাট্টলি নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন চৌধুরী, বর্তমান প্রধান শিক্ষক তাহেরা বেগম, সহকারী প্রধান শিক্ষক অসিত কুমার দাশ পুলক, জামিয়াতুল ফালাহ মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক খোরশেদুর রহমান, এমইএস-এর সাবেক সদস্য নেছার আহমেদ বুলু ও কলিমুদ্দিন চৌধুরী প্রমুখ।
জুনায়েদ/চট্টলা২৪

