বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম পাঁচশো’রও বেশি নিউরোসার্জারি সফলভাবে সম্পন্ন করেছে। এটি কেবলমাত্র এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বা চট্টগ্রাম জেলার নয়, বরং গোঁটা দেশের জন্য একটি গৌরবময় অর্জন।
আজ (১৬ অক্টোবর) বিশ্ব মেরুদন্ড দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র কনসালটেন্টস, হেলথকেয়ার প্রফেশনালস ও কমিউনিটি মেম্বাররা উপস্থিত হয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন।
অনুষ্ঠানে, মেরুদন্ডের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং দৈনন্দিন জীবনে মেরুদণ্ড-বান্ধব জীবনযাপনে সবাইকে উত্সাহিত করা হয়। সেসময় উপস্থিত ছিলেন এভারকেয়ার হাসপাতালের চট্টগ্রামের সিওও সামির সিং; হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডাঃ মোঃ আনিসুল ইসলাম খান; সিনিয়র কনসালটেন্ট ডাঃ আমিনুর রহমান (আজাদ), নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোহাম্মদ নাজিম উদ্দিন, কনসালটেন্ট ডাঃ সোমেন চৌধুরী, অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা: রাহুল ভান প্রমুখ।
এসময় সামির সিং বলেন, “পাঁচ শতাধিক নিউরোসার্জিক্যাল কেইস সাফল্যের সাথে সম্পূর্ণ করায় আমার সহকর্মীবৃন্দ, চিকিৎসক, স্টাফস সহ সবাইকে অভিনন্দন। এই অর্জন আমাদের উদ্ভাবন, শ্রেষ্ঠত্ব ও রোগীর নিরাপত্তায় আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে। চট্টগ্রামবাসীকে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।”
ডাঃ মোঃ আনিসুল ইসলাম খান বলেন, “মানুষের মেরুদণ্ড শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি সুস্থ থাকা মানে মানুষ সার্বিকভাবে সুস্থ থাকা। বিশ্ব মেরুদণ্ড দিবসে সবার প্রতি আমার আহ্বান, মেরুদন্ডের যত্ন নিন, দৃঢ়তার সাথে বাঁচুন। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে মেরুদণ্ড ও নিউরোসার্জিক্যাল সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করে আমরা রোগীদের সেবা দিয়ে থাকি। পাঁচ শতাধিক কেইস শুধুমাত্র সংখ্যা নয়, এভাবে আমরা পাঁচ শতাধিক জীবনকে স্বাভাবিক করতে ও জীবনমান উন্নত করতে সাহায্য করেছি, এবং এই অর্জনে আমি গর্বিত।”
ডাঃ আমিনুর রহমান (আজাদ) বলেন, “প্রতিটি রোগীই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কেইস আলাদা চ্যালেঞ্জ নিয়ে আসে। এই অসাধারণ সাফল্যের পিছে হাজারো নিরলস কর্মঘন্টা, সর্বোচ্চ মানের যত্ন ও সহানুভূতিশীল দায়িত্ববোধ রয়েছে, এবং আমাদের দলের এই কৃতিত্বে আমি গর্বিত। মেরুদণ্ড সুস্থ রাখতে আমি সবাইকে লো-ইম্প্যাক্ট ব্যায়াম, দীর্ঘক্ষণ বসে না থাকা এবং হাইড্রেটেড থাকার পরামর্শ দেই। এই সাধারণ পদক্ষেপগুলো সময়ের সাথে সাথে মেরুদণ্ডের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।”

