ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠনের নাম নয়, এটি আদর্শিক সংগ্রাম, গণতান্ত্রিক অধিকার আদায়ের অঙ্গীকার ও নিপীড়নের বিরুদ্ধে অদম্য প্রতিরোধের প্রতীক—এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত সহসভাপতি মিরাজ উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর পশ্চিম পাড়ার কৃতিসন্তান মিরাজ উদ্দিন সহসভাপতির দায়িত্ব পেয়েছেন। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
মিরাজ উদ্দিন বলেন, “ছাত্রদল জন্ম নিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থেকে, স্বৈরাচারের বিপরীতে উচ্চকণ্ঠ হওয়ার সাহস থেকে। যেখানে অবরুদ্ধ অধিকার, নিপীড়িত স্বর কিংবা দুর্বল গণতন্ত্র—সেখানে প্রথম প্রতিরোধের নামই ছাত্রদল। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীর অধিকার মানেই জাতির ভবিষ্যতের অধিকার, আর সেই অধিকার রক্ষার লড়াইয়ে ছাত্রদলই সবচেয়ে নির্ভীক শক্তি।”
তিনি আরও বলেন, “২০১৭ সালে সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্রদলের রাজনীতিতে যাত্রা শুরু করি। গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু শিক্ষা পরিবেশ ও ছাত্রস্বার্থ রক্ষার স্বপ্ন ছিল অন্তরে। আজকের এই স্বীকৃতি দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও বিশ্বাসের ফল। এজন্য কৃতজ্ঞ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের প্রতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের ভালোবাসাও আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছে।”
চকরিয়ার সন্তান মিরাজ উদ্দিন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার। স্থানীয়রা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্যের জন্য দোয়া করেছেন।
জুনায়েদ/চট্টলা২৪

