বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রাউজান–রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম জেলা পুলিশকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
বহুল আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম হত্যাকাণ্ডের দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের ঘটনায় পুলিশের সফল অভিযানের প্রশংসা করেন তিনি।
অভিনন্দন বার্তায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, “দ্রুততম সময়ে বিএনপি নেতা ও ব্যবসায়ী মো. আব্দুল হাকিম এর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, অবৈধ অস্ত্র উদ্ধার ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের ঘটনায় আমি চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় হাকিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, গত বছর (২০২৪) নভেম্বর মাসে রাউজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তিনি চিঠি লিখেছিলেন, কিন্তু তখন তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি।
গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জেলা পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি বলেন, “রাউজান থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাউজান গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
জুনায়েদ/চট্টলা২৪

