চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার সরল ইউনিয়নের নতুনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যাক্তিরা হলেন- আবু নছর চৌধুরী (৪৩), আবদুল কাদের (৪১), মো. জমির আহমদ (৫৪), মো. জিয়াউর রহমান (৫২) এবং মো. সোহেল (২৪)। তারা সবাই সরল ইউনিয়নের বাসিন্দা বলে কোস্টগার্ড জানিয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো কার্যক্রম চালিয়ে আসছিল।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ড ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল নতুনবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গুলি, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, অভিযান চলাকালে একদল অজ্ঞাত লোক কোস্টগার্ডের টহল দলবাহী গাড়ির ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক জানান, গ্রেপ্তার ব্যাক্তিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
হৃদয়/চট্টলা২৪

