মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও স্মরণ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার পৃথক বাণীতে তারা ভাসানীর আদর্শ, সংগ্রাম ও ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান তার বাণীতে বলেন, মওলানা ভাসানী জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় ও গুরুত্বপূর্ণ নাম। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও আধিপত্যবিরোধী সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত মানুষের অধিকারের প্রশ্নে তাঁর সাহসী নেতৃত্ব তাকে চিরস্মরণীয় করে রেখেছে।
তিনি আরও বলেন, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মওলানা ভাসানী ছিলেন স্বাধীনতা আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নির্ভীক হুংকারে অত্যাচারী শাসকেরা কেঁপে উঠত। গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর আদর্শ আজও প্রেরণাদায়ক।
তারেক রহমান বলেন, “মওলানা ভাসানীর অগাধ দেশপ্রেম ও শোষণের বিরুদ্ধে অবস্থান আমাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর দেখানো আদর্শ অনুসরণ করতে পারলেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।”
অপরদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে বলেন,
“এই মুহূর্তে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়।”
তিনি বলেন, যুগে যুগে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ভাসানী প্রেরণার উৎস ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে তাঁর আদর্শ দেশপ্রেমে সবাইকে উদ্বুদ্ধ করবে।
তিনি আরও আহ্বান জানান- এই দিনে মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য সকলের প্রতি।
ফারুক, চট্টলা২৪

