চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, কৃষি বিপ্লবের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সার ভর্তুকি, গ্রামীণ বিদ্যুতায়ন ও ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচির মাধ্যমে কৃষিখাতকে আরও শক্তিশালী করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে যে ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্যেই কৃষকবান্ধব নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি।
রবিবার (১৬ নভেম্বর) বিকালে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কেবি আমান আলী রোড, বিএড কলেজ, ফুলতলা, ডিসি রোড, মৌসুমির মোড় ও বাকলিয়া এক্সেস রোড এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকার-কৃষক-উদ্যোক্তা-জনগণের যৌথ অংশীদারিত্বে টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলা হবে। কৃষকদের জন্য চালু করা হবে ফারমার্স কার্ড, যার মাধ্যমে ন্যায্যমূল্যে সার, বীজ, কীটনাশক, বীমা ও কৃষিঋণসহ নানা সরকারি সুবিধা মিলবে। কৃষি ও প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে; আধুনিক কোল্ড স্টোরেজ, গুদাম নির্মাণ ও প্রক্রিয়াজাত শিল্প সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি করা হবে। তরুণদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যান্ত্রিকীকরণ, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ ফান্ড প্রদান করা হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চুর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনোয়ার হোসেন লিপু, মো. বকতেয়ার, ইসমাঈল বাবুল, নকীব উদ্দিন ভূইয়া ও এমদাদুল হক বাদশা।
বক্তব্য রাখেন- নাজমুল হক নাজু, খালেদ সাইফুল্লাহ, ফোরকান হোসেন চৌধুরী, এস এম পারভেজ, খোরশেদ আলম, জাফল ইকবাল, ফরিদুল হক লিটন, আব্দুল মালেক, মো. আলমগীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
ফারুক, চট্টলা২৪

