লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত বৈঠকে নগর সেবা ব্যবস্থায় সমন্বয়হীনতার সমস্যা তুলে ধরে তিনি নগর সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। মেয়র বলেন, বিএনপি ক্ষমতায় এলে এই উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার সন্ধ্যায় লন্ডনের কিংস্টোনে তারেক রহমানের বাসায় দুই নেতার দীর্ঘ আলাপ হয়। বৈঠকে সিটি করপোরেশনের এক বছরের কাজকর্ম এবং উন্নয়ন প্রতিবেদন বই তারেক রহমানের হাতে তুলে দেন মেয়র। আলোচনায় ছিলো দলীয় ও জাতীয় রাজনীতি নিয়েও।
রোববার লন্ডন থেকে মেয়র শাহাদাত জানান, “গত এক বছরে আমরা নগরীর নালা-নর্দমা পরিষ্কার করেছি। ফলাফল ইতোমধ্যে চোখে পড়ছে; জলাবদ্ধতা অর্ধেকে নেমেছে। আরও ২১-২২টি খাল খননের পরিকল্পনা রয়েছে। এগুলো সম্পন্ন হলে চট্টগ্রাম স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হবে। নগরকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনাও তারেক রহমানের সঙ্গে শেয়ার করেছি।”
তিনি উল্লেখ করেন, “বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা নাগরিকদের ভোগান্তি বাড়াচ্ছে। নির্বাচিত ব্যবস্থার মধ্যে আইনগত কর্তৃত্ব নিশ্চিত করা হলে সমন্বয় সম্ভব। সিটি করপোরেশনের মাধ্যমে নগর সরকার গঠনের বিকল্প নেই। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়েছি, বিএনপি ক্ষমতায় এলে এটি বাস্তবায়ন করা হবে।”
মেয়র শাহাদাত জানান, আগের দুইবার ভিসা সমস্যার কারণে লন্ডনে দেখা সম্ভব হয়নি। এবার কূটনৈতিক পাসপোর্ট থাকায় সাক্ষাৎ বাস্তবায়ন সম্ভব হয়েছে। তিনি ৮ নভেম্বর যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং ২১ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
ফারুক, চট্টলা২৪

