বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে দায়িত্ব নিলেন দেশের ‘মানবিক ডিসি’: শুরু জনবান্ধব প্রশাসনের নতুন অধ্যায়

‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

 

নবাগত ডিসি জাহিদুল ইসলাম এর আগে নারায়ণগঞ্জ ও রাজবাড়ীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছ প্রশাসনিক সিদ্ধান্তের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। নারায়ণগঞ্জে তার সময়কালে ঝুঁকিপূর্ণ রোগী, অসহায় শিশু, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী থেকে শুরু করে জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন স্থানীয় মানুষের নির্ভরযোগ্য অভিভাবক। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’, মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, হাসপাতালে আইসিইউ চালু, কারাগারে বন্দিদের জন্য ক্রিকেট টুর্নামেন্টসহ বহু উদ্যোগ ছিল আলোচিত।

 

রাজবাড়ীতে যোগদানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়ানো, দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের বিদ্যালয় সচল রাখা, কৃষকদের ক্ষতিপূরণসহ নানা মানবিক সিদ্ধান্তে তিনি জাতীয়ভাবে পরিচিত হন ‘মানবিক ডিসি’ হিসেবে।

 

দায়িত্বভার গ্রহণের পর চট্টগ্রাম জেলা প্রশাসনের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। একইসঙ্গে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন জেলা প্রশাসক।

 

জাহিদুল ইসলামের জন্ম টাঙ্গাইলের ভুয়াপুরে ১৯৭৯ সালের অক্টোবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স–মাস্টার্স শেষ করে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২৫তম বিসিএস–এর মাধ্যমে প্রশাসনে যোগ দিয়ে বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবেও স্বীকৃতি পান।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের নতুন অভিভাবক হিসেবে তার দায়িত্ব গ্রহণে জেলার উন্নয়ন ও প্রশাসনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

 

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...