বাংলাদেশে কমোডিটি মার্কেট বিকাশে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি মোহাম্মদ ওথমান। গত ১৮ নভেম্বর তিনি চট্টগ্রামে কমোডিটি ফিউচার্স অ্যান্ড ক্লিয়ারিং লিমিটেড (সিএফসিএল) এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, এফসিএস, এফসিএমএ প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশের কমোডিটি ট্রেডিংকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ক্রুড পাম অয়েল ফিউচার্স চালুর সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের প্রধান ক্রুড পাম অয়েল রপ্তানিকারক দেশগুলোর একটি। ভবিষ্যতে সিএফসিএল প্ল্যাটফর্মে এ পণ্যের ফিউচার্স চালু হলে ব্যবসায়ীরা মূল্য ঝুঁকি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সুবিধা পাবেন।
রাষ্ট্রদূত মোহাম্মদ ওথমান বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, বিশেষ করে কমোডিটি মার্কেটের উন্নয়নে মালয়েশিয়ার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি তথ্য বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক খাতে যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসসান, সিএফসিএল পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব.) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের এই সফরকে বাংলাদেশের উদীয়মান কমোডিটি ফিউচার্স মার্কেটের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছে সিএফসিএল।
ফারুক, চট্টলা২৪

