চট্টগ্রাম, ১৯ নভেম্বর— বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে হেলথ টকস ও পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, পুষ্টি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই ছিল এই উদ্যোগ।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেস বিভাগের ডিরেক্টর ডা. হাসান শাহরিয়ার কবির, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজি বিভাগের অ্যাটেন্ডিং কনসালটেন্ট ডা. এমরান উর রশিদ চৌধুরী, কনসালটেন্ট ডা. শায়লা কবির এবং ডায়েটেটিকস অ্যান্ড নিউট্রিশন বিভাগের চিফ ডায়েটিশিয়ান আহাসফি মোহাম্মদ। বক্তারা বলেন, দেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান হার উদ্বেগজনক হলেও সচেতনতা ও সময়মতো চিকিৎসা পেলে রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
স্বাগত বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, দেশে ডায়াবেটিস নিয়ে সচেতনতার ঘাটতিই বড় চ্যালেঞ্জ। সঠিক শিক্ষা ও তথ্যের মাধ্যমে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।
ডা. শায়লা কবির জানান, উন্নত চিকিৎসা, জীবনযাত্রার পরিবর্তন ও আধুনিক থেরাপি মিলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে।
ডা. এমরান উর রশিদ চৌধুরী বলেন, প্রাথমিক লক্ষণ চেনা ও দ্রুত শনাক্তকরণই ডায়াবেটিস ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
পুষ্টিবিষয়ক সেশন পরিচালনা করেন আহাসফি মোহাম্মদ। তিনি বলেন, খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়মিত শারীরিক পরিশ্রমই ডায়াবেটিস নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এভারকেয়ার হসপিটালের এ উদ্যোগ সচেতনতা বৃদ্ধি ও রোগীসেবা উন্নতকরণে প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।

