চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শাপলা কলি প্রতীকে মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফের নেতৃত্বে এক বিশাল পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল চারটায় বহদ্দারহাট মোড় থেকে কালুরঘাট পর্যন্ত এ পথযাত্রা বের হয়।
পথযাত্রায় শত শত তরুণ-প্রবীণ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন। পুরো পথজুড়ে শাপলা কলি প্রতীকের স্লোগান, উৎসাহ ও উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে অনেকেই জোবাইরুল আরিফের প্রতি সমর্থন জানান।
পথযাত্রা শেষে জোবাইরুল আরিফ বলেন, “চান্দগাঁও–বোয়ালখালীর মানুষের আগামি দিনের মুক্তির প্রতীক হবে শাপলা কলি। আমরা শাপলা প্রতীক চাইছিলাম, কারণ এ প্রতীকের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে আছে। কিন্তু শাপলা কলি পেয়েছি—আর এই কলি দিয়েই আমরা মানুষের মুক্তির ফুল ফুটাতে চাই।”
পথযাত্রাকে ঘিরে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের উপস্থিতি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।
ফারুক, চট্টলা২৪

