চট্টগ্রাম-৫ (হাটহাজারী–বায়েজিদ) সংসদীয় আসনে আড়ম্বরহীন কিন্তু ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন করেছে স্থানীয় বিএনপি। এ উপলক্ষে বায়েজিদ ও হাটহাজারী—দুটি পৃথক স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণসহ এতিম ও দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
আজ সকালে নগরীর বায়েজিদের কাঁঠালবাগান এলাকায় আজম নগরে প্রথম মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ক্যাম্পে শত শত নারী–পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, “দেশের মানুষ আগামীতে যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন, দেশনায়ক তারেক রহমানের ভিশনারী নেতৃত্বেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে।” তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল হারুনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে হাটহাজারী পৌরসদরের মীরেরহাট এলাকায় দ্বিতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ব্যারিস্টার মীর হেলাল। অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে কয়েক শত মানুষ চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
এলাকাবাসীর উদ্দেশে ব্যারিস্টার হেলাল বলেন, “আপনাদের জন্য আজকের এই চিকিৎসা সেবা তারেক রহমানের জন্মদিনের উপহার। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ধানের শীষই হচ্ছে সঠিক পথ।” তিনি আগামী এক সপ্তাহে হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুবদল–ছাত্রদল–মহিলা দলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপি পরিবার।
ফারুক, চট্টলা২৪

