বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে দেশের বিভিন্ন স্থান থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ঢল নেমেছে দলীয় নেতা–কর্মীদের। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা বলছেন—‘মন মানে না’, মনের টানেই ছুটে এসেছেন প্রিয় নেত্রীকে এক নজর দেখার আশায়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে দেখা যায় ভিড়। উত্তরখান থানা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বলেন, ‘এখানে আসছি আপডেটটা জানার জন্য। আসতে নিষেধ করা হলেও মন তো মানে না। ভালোবাসার টানে আসছি।’
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করবেন চিকিৎসকেরা। তিনি দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান।
হাসপাতালে এসে দেখা না পেয়েও আবেগাপ্লুত সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান বলেন, ‘দেশনেত্রী অসুস্থ। তিনি ফিরে আসুন—এটাই আমাদের প্রার্থনা। আল্লাহ তাঁকে রোগমুক্ত করে ১৮ কোটি মানুষের মাঝে ফিরিয়ে দিন।’
টাঙ্গাইল থানা বিএনপির সহসভাপতি আসিফুজ্জামান আসিফ বলেন, ‘বাইরে দাঁড়াইয়া আছি, দোয়া করতেছি। শুনলাম, আজ তিনি কথা বলছেন—শুনে মনটা ভালো হয়ে গেল।’
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগা ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত রোববার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন। কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় টানা চার দিন তাঁকে ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকেরা বলছেন, পরিস্থিতি এখনো ‘গুরুতর’, সামনের কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে নেত্রীকে এক নজর দেখতে হাসপাতালে ভিড় জমানো নেতা–কর্মীদের কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি বিবেচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মীদের ভিড় না করার আহ্বান জানিয়েছেন।
ফারুক, চট্টলা২৪

