বিএনপি থেকে ঢাকা-১৮ আসনে দলের মনোনয়ন পেতে পারেন—এমন গুঞ্জন উঠেছিল মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)কে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যে পরিণত হয়নি। গুঞ্জন থাকা ওই আসনসহ ৩৬টি নতুন আসনের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষিত তালিকায় দেখা যায়, ঢাকা-১৮ আসনে দলের প্রার্থী হিসেবে এসএম জাহাঙ্গীর হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে।
দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, এলাকায় নিয়মিত প্রচারণা—সব ক্ষেত্রেই তার উপস্থিতি ছিল নজরকাড়া। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা থাকায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয়েছিল বলে দলীয় সূত্রে জানা যায়। তবে শেষ পর্যন্ত ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জোরালো গুঞ্জনের ইতি ঘটেছে।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। সেখান থেকে ফাঁকা থাকা ৬৩ আসনের মধ্যে আরও ৩৬ আসনের প্রার্থী চূড়ান্ত করল দলটি।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বিএনপিতে যোগ দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। তিনি জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই।
ফারুক, চট্টলা২৪

