আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে অংশ নিতে যাচ্ছেন বিদেশি পর্যবেক্ষকেরা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে কয়েক শ বিদেশি পর্যবেক্ষক যুক্ত হতে পারেন। নির্বাচন কমিশন (ইসি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৮ সালের পর এবারই সর্বোচ্চসংখ্যক বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসছেন।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এই নির্বাচন পর্যবেক্ষণ করবে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকেও পর্যবেক্ষকেরা বিদেশি পর্যবেক্ষক দলের অংশ হবেন।
নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ইতিমধ্যে বিভিন্ন সংস্থা ও দেশের কাছে চিঠি পাঠানো শুরু করেছেন। এর অংশ হিসেবে ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তানীতি–বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাসকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ দেশের এই জোট থেকে ১৫০ থেকে ১৮০ সদস্যের একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল স্বল্প ও দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে।
মন্ত্রণালয়ের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০ সদস্যের একটি পর্যবেক্ষক দল আসতে পারে, যার নেতৃত্বে থাকবে আইআরআই। এ ছাড়া কমনওয়েলথ থেকে প্রায় ৩০ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
বিদেশি পর্যবেক্ষক আমন্ত্রণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। তবে অহেতুক বিতর্ক তৈরি করতে পারে—এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আনতে চায় না সরকার।
তিনি আরও জানান, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের একটি প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেছে। সেই প্রতিনিধিদল জানিয়েছে, চূড়ান্ত পর্যবেক্ষক দলে আইআরআই ও এনডিআইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর, কংগ্রেস সদস্য ও সাবেক সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন।
অন্যদিকে, গত সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষণ দল বাংলাদেশ সফর করে একটি মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই এবার বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।
ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মাসুদ আলম বলেন, ইইউর এই সিদ্ধান্ত বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।
উল্লেখ্য, সবশেষ ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। এরপর দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি ছিল সীমিত এবং তা নিয়ে নানা প্রশ্নও ওঠে। সংশ্লিষ্টরা বলছেন, ১৭ বছর পর এবারই আবার বড় পরিসরে ও প্রাতিষ্ঠানিকভাবে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত হতে যাচ্ছে।
ফারুক, চট্টলা২৪

