বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা ও এর আশপাশের এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন।
বুধবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে রওনা হন। কেউ বাস ও মাইক্রোবাসে, কেউ হেঁটে জানাজা স্থলে পৌঁছান। জানাজায় অংশ নিতে বর্তমানে সেখানে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে, যা আরও বাড়ছে।
মানুষের অতিরিক্ত উপস্থিতির কারণে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বহু মানুষকে দূরদূরান্ত থেকে হেঁটেই জানাজাস্থলে আসতে দেখা যায়।
ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। বুধবার দুপুর পৌনে ১২টার কিছু পরে পতাকায় মোড়ানো গাড়িবহর সেখানে প্রবেশ করে।
এর আগে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ফারুক, চট্টলা২৪

