বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে ভারতের ভেতরেই বিকল্প ভেন্যুর প্রস্তাব দিতে পারে আইসিসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানালেও, সেটি কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিবর্তে ভারতেরই অন্য দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে।

ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি দুবার আইসিসির কাছে চিঠি পাঠায়। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানানো হয়। তবে আইসিসির দৃষ্টিতে টুর্নামেন্ট শুরুর একদম শেষ মুহূর্তে এক দেশ থেকে অন্য দেশে ভেন্যু সরানো লজিস্টিক দিক থেকে জটিল। সে কারণে বিকল্প হিসেবে ভারতের চেন্নাই ও তিরুবনন্তপুরমে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ভাবা হচ্ছে।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের অন্য ভেন্যু মানেই ভারতেই খেলা। তাঁর মতে, ভেন্যু পরিবর্তন হলেও নিরাপত্তা-সংক্রান্ত মূল উদ্বেগ থেকে যাবে।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষটি মুম্বাইয়ে। ভারতের ক্রিকেটভিত্তিক একটি পোর্টালের তথ্যমতে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।

জানা গেছে, আইসিসি এবং টুর্নামেন্টের সহ-আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে। একই ধরনের তথ্য প্রকাশ করেছে ভারতের আরেকটি প্রভাবশালী গণমাধ্যমও।

গতকাল গুজরাটের বড়োদরায় আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই বিকল্প ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা অবশ্য নিশ্চিত করেনি কোনো পক্ষ।

ভারতের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির নিরাপত্তা শঙ্কার জবাবে আইসিসি ভিন্ন যুক্তি তুলে ধরতে পারে। সম্প্রতি গুজরাটে ভারত-নিউজিল্যান্ড সিরিজের একটি ওয়ানডেতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দায়িত্ব পালনের উদাহরণ দিয়ে আইসিসি দাবি করতে পারে, বাংলাদেশ দলের জন্য ভারতে খেলাটা নিরাপদ।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবির নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হয়। একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পুরো দল, সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এই প্রশ্ন তুলে ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ জানায় বিসিবি।

তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকায়, সময়স্বল্পতা ও লজিস্টিক জটিলতার কারণে বাংলাদেশের অনুরোধ মেনে নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে। আজ সোমবার এ বিষয়ে আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে।

অন্যদিকে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত দেয়, সেটি বিসিবি গ্রহণ করবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ভারতের অন্য ভেন্যু হলেও সেটি ভারতই থাকবে। তিনি আরও জানান, সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এ বিষয়ে তাদের অবস্থান এখনো অপরিবর্তিত।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...