বিএনপির সবশেষ শাসনামল যদি এতটাই খারাপ হতো, তাহলে সেই সরকারের অংশ হিসেবে থাকা একটি দলের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেননি- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আজ একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে। তাদের দাবি, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে তাদেরই তো দুইজন মন্ত্রী ছিলেন। বিএনপি যদি এত খারাপ হতো, তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি?”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বিকেল ৪টা ৩ মিনিটে স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ মঞ্চে ওঠেন তারেক রহমান।
বক্তব্যের মাঝপথে তিনি ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিকেল ৪টা ২৬ মিনিটে উপস্থিত জনতাকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন এবং ৪টা ৫২ মিনিটে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য শেষ করেন। পরে তার গাড়িবহর গাজীপুরের উদ্দেশে রওনা হয়।
তারেক রহমান বলেন, “তারা পদত্যাগ করেনি কারণ তারা জানত দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠোর হাতে দুর্নীতি দমন করছিলেন। সেই দুই মন্ত্রী জানতেন, বেগম জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক সব পরিসংখ্যানই প্রমাণ করে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের সময় দেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। কিন্তু ২০০১ সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর দেশ ধীরে ধীরে দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত হতে শুরু করে। আজ যারা বিএনপিকে দোষারোপ করছে, সরকারের শুরু থেকে শেষ দিন পর্যন্ত তাদের দুই মন্ত্রীর বহাল থাকা প্রমাণ করে- তারাই এখন মিথ্যা বলছে।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারম্যান বলেন, “ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ আদায় করবেন। এরপর লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। ভোট দিয়ে চলে এলেই হবে না; ভোটের ফল কড়ায়-গণ্ডায় বুঝে নিতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুট করতে না পারে।”
আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভোটের পর আপনাদের সঙ্গে আবার দেখা হবে খাল খনন কর্মসূচিতে। সবাই কোদাল নিয়ে আসবেন, সেদিন আমিও থাকব।”
এর আগে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তারেক রহমানকে স্বাগত জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’- এমন স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল। ময়মনসিংহের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারাকান্দাকে পৌরসভায় রূপান্তরের দাবিও জানান।
বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় স্লোগান ওঠে- ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে।’
ফারুক, চট্টলা২৪

