অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়া চট্টগ্রাম বন্দরে এসে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে কাস্টমস মোড় এলাকায় আন্দোলনকারীরা তার গাড়িবহর আটকে দিয়ে স্লোগান দেন। প্রায় ১৫ মিনিট পর পুলিশ ও বন্দরের নিরাপত্তা কর্মীদের পাহারায় উপদেষ্টার গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে।
জানা গেছে, চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বন্দরের সব ধরনের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে। জিসিবি, সিসিটি ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)সহ সব জেটিতে কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে। বহির্নোঙর ও জেটিতে পণ্যবাহী জাহাজ আটকে আছে। একই সঙ্গে ইয়ার্ড থেকে পণ্য খালাস এবং বন্দরে পণ্যবাহী যান চলাচলও বন্ধ রয়েছে।
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা নিরসনে আন্দোলনকারী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে নৌপরিবহন উপদেষ্টা বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি বন্দরে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নৌ-উপদেষ্টার গাড়িবহর কাস্টমস মোড়ে পৌঁছালে কয়েকশ শ্রমিক-কর্মচারী গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গাড়িবহর বন্দর ভবনে প্রবেশ করে। গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে ঢোকার সময়ও বিক্ষোভকারীরা স্লোগান অব্যাহত রাখেন। পরিস্থিতি বিবেচনায় উপদেষ্টাকে দ্রুত লিফটে করে ওপরের তলায় নিয়ে যাওয়া হয়।
বন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, বন্দর ভবনে প্রবেশের পর নৌপরিবহন উপদেষ্টা চলমান কর্মবিরতি ও অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ, আন্দোলনকারীদের বিরুদ্ধে হয়রানি ও বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি চলছে। এর আগে টানা তিন দিনের কর্মবিরতির পর আন্দোলনে জড়িত অন্তত ১৫ জনকে মোংলা ও পায়রা বন্দরে বদলির আদেশ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়। এর প্রতিবাদে প্রথমে ২৪ ঘণ্টা এবং পরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
ফারুক, চট্টলা২৪

