চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. শফিকুল ইসলাম (৪০) ওরফে সাইদুল্লাহ নামে ১১ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে চারটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শফিকুল ইসলাম (৪০), ওরফে সাইদুল্লাহ পদুয়া ইউনিয়নের লালারখিল ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র আইনে মোট ১১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে পলাতক ছিলেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

