বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১২ ফেব্রুয়ারির ভোট গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ: আমীর খসরু

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এদিন ভোটের মাধ্যমে জনগণের দীর্ঘ ত্যাগের প্রতিদান দিতে হবে। তিনি বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি, এই আন্দোলনের সমাপ্তি ঘটবে ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ।

শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরে পাবে। তিনি বলেন, গত ১৭–১৮ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, মিথ্যা মামলা, কারাভোগ, চাকরি ও ব্যবসা হারানোর মতো চরম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করেছে। তারেক রহমান ঘোষিত “আই হ্যাভ এ প্ল্যান” বাস্তবায়নের জন্য শুধু জয় নয়, বিশাল ব্যবধানে বিজয় অর্জনের আহ্বান জানান তিনি।

সভায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, শিল্পায়নের মাধ্যমে ফটিকছড়ির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছালাউদ্দিন।

পরে মিরসরাইয়ের বারৈয়ারহাটে অনুষ্ঠিত আরেক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খাল খনন, বৃক্ষরোপণ ও অর্থনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, শিল্পায়নের মাধ্যমে মিরসরাইয়ের উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...