লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি এখন দেশের নেতৃত্ব নেওয়ার যোগ্য নয়। তিনি বলেন, দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন, কিন্তু দলের বর্তমান অবস্থায় দেশ চালানোর সামর্থ্য নেই বোঝায় তিনি ত্যাগ করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চট্টগ্রাম বন্দর দখলের মতো কর্মকাণ্ড চালাবে।
শনিবার চট্টগ্রামের আনোয়ারায় ১১দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্নেল অলি জানান, ১১দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্য হলো ভীতি সৃষ্টি করা। তিনি বলেন, নারীদের স্বাধীনতা ও ধর্মীয় অধিকার রক্ষা করা হবে, কারও ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-১৩ আসনের ১১দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আনোয়ারায় শিল্পায়ন ও উন্নয়নের সুযোগ সত্ত্বেও শিক্ষিতদের কর্মসংস্থান হয়নি। তিনি জানান, আসনে বিজয় লাভ করলে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় স্থাপন এবং যুবকদের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা হবে।
সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক বলেন, জনগণ ১২ ফেব্রুয়ারির ভোটে ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এছাড়া আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ফারুক, চট্টলা২৪

