আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাউজান জলিল নগর চত্বরে চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রাউজান পৌরসভা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের সভাপতি আল্লামা সিরাজুল ইসলাম চিশতী। উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
পথসভায় বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী বলেন, ‘অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত রাউজানকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ উপজেলায় পরিণত করতে মোমবাতি প্রতীকে ভোট দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো দলীয় এজেন্ডা নয়, বরং কুরআন-সুন্নাহভিত্তিক আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছি।’
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা‘আত কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।
এ ছাড়া বক্তব্য দেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব এনামুল হক সিদ্দিকী, মাওলানা ফজলুল করিম তালুকদার, মাওলানা মুক্তার আহমেদ রেজভী, মাওলানা দৌলত খান, মাওলানা শামসুল আলম নঈমী, আল্লামা হেলালী, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা ফরিদুল আলম ও কাজী মুহাম্মদ শফিউল আজম।
পথসভা শেষে অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরীর সমর্থনে একটি মিছিল বের করা হয়, যা জলিল নগর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ফারুক, চট্টলা২৪

