সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।
রোববার বিকেলে বাঁশখালীর ছনুয়া বাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি বৈলছড়ির কে.বি বাজার, পৌরসভার মিয়ার বাজার-জলদি এবং পুঁইছড়ির নাপোড়া-প্রেমবাজারে পৃথক পথসভায় অংশ নেন।
আশিক বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির বিকল্প নেই। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশী হয়েও দলের সিদ্ধান্ত মেনে বিদ্রোহী প্রার্থী হননি। ধানের শীষ শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, দলের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন।
পথসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

