অবহেলিত হিন্দু সম্প্রদায়কে এগিয়ে নিতে এবং তাদের স্বার্থ রক্ষায় অন্যান্য সরকারের তুলনায় বিএনপি বেশি অঙ্গিকারবদ্ধ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। বিভিন্ন ধর্মীয় পূজা-পার্বণে বিএনপি নেতাকর্মীরা উপহার দিতে গেলেও বাধা দেওয়া হয়েছে। এখন সময় বদলেছে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, আপনার নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেতাকর্মীরাই নেবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা লালার বাড়ি ময়দানে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়ার সভাপতিত্বে এবং বিএনপি নেতা এন এম টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আজিজুল হক।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম জাবেদ মেহেদি হাসান সুজন এবং পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম সেলিম।
এসময় আরও উপস্থিত ছিলেন মোহসিন চৌধুরী রানা, সাইফুদ্দিন, জাকির, নজরুল ইসলাম, দিদারুল আলম লিটন, দীপক কুমার লালা, কানু বিশ্বাস, শিক্ষক নিপক লালা, প্রবীর দাশ, আশীষ পাল, রতন পাল, নিরুপম আচার্য, শিক্ষক তাজুল ইসলাম রাসেল, ওসমান গনি, চান্দু দে প্রমুখ।
ফারুক, চট্টলা২৪

