নৌ পরিবহন উপদেষ্টা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানের বক্তব্যের পর চট্টগ্রাম বন্দরের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বন্দরের সব অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু হয়। সকাল থেকেই বন্দর এলাকায় কনটেইনার ওঠানামা, পণ্য ডেলিভারি এবং পণ্যবাহী যানবাহনের চলাচল শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থে (জিসিবি) ধীরে ধীরে কাজের গতি ফিরছে। একই সঙ্গে বহির্নোঙর থেকেও জেটিতে জাহাজের আসা–যাওয়া শুরু হয়েছে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, নৌ পরিবহন উপদেষ্টা ও বিডার চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন যে বর্তমান সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চুক্তি করা হবে না। পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এসব বক্তব্যের প্রেক্ষিতেই দায়িত্বশীল সিদ্ধান্ত হিসেবে কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্দরের স্বার্থ, দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দাবিগুলোর বাস্তব অগ্রগতি না হলে ভবিষ্যতে আবারও কর্মসূচি দেওয়া হতে পারে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কর্মবিরতি প্রত্যাহারের ফলে বন্দরের দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে। জমে থাকা কনটেইনার দ্রুত সরানো এবং জাহাজ পরিচালনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগলেও বর্তমানে কার্যক্রম সচল রয়েছে।
খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম বলেন, কয়েক দিনের অচলাবস্থায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিলেন। কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে। দ্রুত পূর্ণ সক্ষমতায় বন্দর চালু হবে-এটাই ব্যবসায়ীদের প্রত্যাশা।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ বিভিন্ন দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ একাধিক দফা কর্মবিরতি পালন করে। সর্বশেষ অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে। সোমবার সকাল থেকে কর্মসূচি স্থগিত হওয়ায় আবারও দেশের প্রধান এই সমুদ্রবন্দরে বাণিজ্যের চাকা ঘুরতে শুরু করেছে।
ফারুক, চট্টলা২৪

