ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও আবাসিক বি ব্লকস্থ সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু সুফিয়ান বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আমি আনন্দিত যে আমরা আমাদের নাগরিক অধিকার-ভোটাধিকার নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারছি।”
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম ও আত্মত্যাগ করেছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের নেত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ভাবে কারাবরণ করেছেন। গণতন্ত্রের সেই অধিকার আজ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে।”
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, ভবিষ্যতে আর কোনো অপশক্তি যেন জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে।”
নিজের বিজয় সম্পর্কে তিনি বলেন, “জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ।”
ফারুক, চট্টলা২৪

