ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন।
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট। ফলে এক লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন মীর হেলাল।
ফলাফল ঘোষণার পর থেকেই হাটহাজারী ও বায়েজিদ এলাকায় বিএনপি নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উল্লাস করতে দেখা গেছে দলীয় নেতাকর্মীদের।
বিজয়ের পর ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষ প্রতীকে বিপুল ভোট ও সমর্থন দেওয়ায় হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফারুক, চট্টলা২৪

