চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলে পৃথক দুই আন্তর্জাতিক ফ্লাইটে আগত চার যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে দুবাই থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪৪ এবং শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট জি৯-৫২০–এর চার যাত্রীর লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩২০ কার্টন সিগারেট (মন্ড) ও ৫২০টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়।
পণ্য বহনের সঙ্গে জড়িত চার যাত্রী হলেন- জিয়াউল হক, দোলন শীল, শহীদ উল্লাহ এবং শফিউর রহমান। তারা শারজাহ ও দুবাই থেকে পৃথক ফ্লাইটে দেশে আসেন।
উদ্ধারকৃত ৩২০ কার্টন সিগারেট থেকে ৬ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব আদায় নির্ধারণ করা হয়েছে। সিগারেটের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক যাত্রীদের বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনের ব্যস্ততাকে কাজে লাগিয়ে নিষিদ্ধ বিউটি ক্রিম ও সিগারেটের রাজস্ব ফাঁকির চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির কারণে তা প্রতিহত করা সম্ভব হয়।
ফারুক, চট্টলা২৪

