চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মন্তব্য করেছে। সংগঠনটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতীত হামলা, ভাঙচুর ও সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ ও দ্রুত বিচার দাবি জানিয়েছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, বিগত সময়ে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও সাংবাদিকদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত তদন্ত, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ, তথ্যপ্রাপ্তির অধিকার বাস্তবায়ন এবং ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
নেতারা বলেন, স্বাধীন ও নিরাপদ গণমাধ্যম ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। পাশাপাশি, গণমাধ্যমের পরিচয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তি ও গোষ্ঠীর বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
ফারুক, চট্টলা২৪

