ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর থেকেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। অনেকে ফুল হাতে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে আসছেন। একই সঙ্গে বিভিন্ন আসনে বিজয়ী সংসদ সদস্যরাও সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের জন্য সেখানে উপস্থিত হচ্ছেন।
রোববার সকালে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর ঢাকার গুলশান কার্যালয়ে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নির্বাচনে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল থেকেই গুলশান কার্যালয়ে অবস্থান করছেন তারেক রহমান। এরপর একে একে বিভিন্ন আসনের বিজয়ী এমপিরা সেখানে যেতে শুরু করেন। তারা পৃথকভাবে দলীয় চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে কুশল বিনিময় করছেন।
নির্বাচনে বড় জয়ের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার অপেক্ষা চলছে। জয়ের খবরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় চেয়ারম্যানকে অভিনন্দন জানাতে রাজধানীর গুলশান কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দিনভর লক্ষ্য করা গেছে।
ফারুক, চট্টলা২৪

