স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট বা দুর্নীতি থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার দুপুর ২টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি অবশ্যই স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করবো, সেই কারণেই আমি এখানে। এ মন্ত্রণালয়ে কোনো সিন্ডিকেট থাকবে না। আমাদের কাজে সিন্ডিকেটের কোনো প্রভাব পড়বে না। আমরা কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না, ইনশাআল্লাহ।”
স্বাস্থ্য খাতের অগ্রাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সবাইকে আশ্বস্ত করতে চান। “স্বাস্থ্য খাত দুর্নীতিমুক্ত হবে। এখানে কোনো দুর্নীতি এবং সিন্ডিকেট থাকবে না।”
আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই হবে প্রধান লক্ষ্য। কীভাবে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা যায়, তা খুঁজে বের করা হবে।
নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে একটি গুরু দায়িত্ব দিয়েছেন। দেশের মানুষের সন্তুষ্টি অর্জনই হবে তার তৃপ্তি। বিদেশে চিকিৎসা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, “কিছু হলেই বিদেশে যেতে হবে—এটা আমি বিশ্বাস করি না।”
ফারুক, চট্টলা২৪

