চট্টগ্রামের রাউজান উপজেলায় উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মেহেদী হাসান রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, তিনি যুবদল নেতা জানে আলম ওরফে ডাকাত আলম হত্যা মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, মেহেদী হাসান স্থানীয় শাহ আউলিয়া জামে মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে অজ্ঞাত মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
থানা সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী নিজেই মোটরসাইকেল চালিয়ে রাউজান থানায় আশ্রয় নেন। পরে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে স্বজনদের সহায়তায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শ্রমিক দলের নেতা রফিকুল আলম দাবি করেন, হামলাকারীরা তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার শরীরে লাগে- একটি বুকের ডান পাশে এবং অন্যটি পায়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, “গুলিবিদ্ধ মেহেদীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ফারুক, চট্টলা২৪

