মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শপথ গ্রহণের পর প্রথম সরকারি সফরে হাটহাজারীতে পৌঁছে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আবারও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহেদ আরমান, র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, সদস্যসচিব গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের, সদস্যসচিব মো. ওহিদ এবং উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

