চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে।
দগ্ধরা হলেন- শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪), পাখি (৩৫) ও রানী আক্তার (৪০)।
স্থানীয়রা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর বাসার ভেতরে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত এগিয়ে যান। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত গ্যাস সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। পরে সেই জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।
হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুই নারী ও এক ব্যক্তির শরীর শতভাগ দগ্ধ হয়েছে। এছাড়া একজনের প্রায় ৮০ শতাংশ, আরেকজনের ৪৫ শতাংশ এবং বাকিদের ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ জানান, দগ্ধদের সবার শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

