চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনিক বড়ুয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আধুনগর বাসস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক বড়ুয়ার বাড়ি উপজেলার আধুনগর মছদিয়া গ্রামে। তিনি অটোরিকশার চালক ছিলেন।
আহতরা হলেন- আধুনগর ৭ নম্বর ওয়ার্ডের নয়া পাড়া গ্রামের একই পরিবারের কামরুল হুদার স্ত্রী কানিজ ফাতিমা (৪০), তাদের শিশু কন্যা রুমাইছা (৫) ও রুজা (১), মো. জোনাইদের স্ত্রী হুসনের আরা বেগম (৩৯), তার আড়াই বছর বয়সী ছেলে আমির, আব্দুস সবুরের ছেলে কামরুল হুদা (৫০) এবং মিনিট্রাকের হেলপার মো. হাসান (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মিনিট্রাক অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় কক্সবাজারমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং মিনিট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফারুক, চট্টলা২৪

