চট্টগ্রাম মহানগরের ৮নং শোলকবহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেছেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের উদ্যোগে রূপসী ওয়ার্ড এলাকায় ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পাঁচলাইশ থানা মহিলা দল এর সভাপতি সাইমা হকের সভাপতিত্বে এবং মেনু ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নাহিদ বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী- তাদেরকে বাদ দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা সম্ভব নয়।
তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, দেশের নারীদের সচেতন করতে এবং পরিবার ব্যবস্থাকে শক্তিশালী করতে শিক্ষার বিকল্প নেই। উন্নত দেশ গঠনে নারী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে মহিলা দলের নেত্রী ও সমর্থকদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বেগম রাহেলা জামান, জোহরা বেগম, রাশেদা বেগম, মর্জিনা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফারুক, চট্টলা২৪

