অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধে জড়িত থাকলে দলমত নির্বিশেষে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রবিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় এই পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে জনদুর্ভোগ কমাতে সরকার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে। চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

