সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে সামান্য বিলম্ব হতে পারে। এ কারণে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।
তারেক রহমান বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ব্যক্তিগতভাবে এটি আমার জন্য আবেগঘন দিন এবং বিএনপি ও বর্তমান সরকারের জন্যও দিনটি তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন আজ শুরু হলো।
দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং পরিবারকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড প্রকল্প চালু করা হয়েছে।
ফারুক, চট্টলা২৪

