শিল্পপতি ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল হক শামীম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৩৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
সৈয়দ আহসানুল হক শামীম বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম ক্লাবের সাবেক সাধারণ কমিটির সদস্য এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ যোহর গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একইদিন রাত ৯টা ৩০ মিনিটে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মোহাম্মদ আবদুস সালাম এবং চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)।
এক শোকবার্তায় তারা বলেন, সৈয়দ আহসানুল হক শামীমের মৃত্যুতে দেশের পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তৈরি পোশাক শিল্পের প্রসারে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনে তার সক্রিয় ভূমিকা তাকে স্মরণীয় করে রাখবে। তার মৃত্যুতে পোশাক শিল্প অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
ফারুক, চট্টলা২৪

