দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অন্যদিকে মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পাম্পগুলোর কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রমের ওপর প্রতিবেদন জমা দিয়ে সার্বিক পরিস্থিতি মনিটরিং নিশ্চিত করবেন।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

