চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে থেমে থেমে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলতে থাকে।
ঘটনার পর বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে উভয় পক্ষকে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
আহতদের মধ্যে সাদ্দাম হোসেন পিন্টু, মো. আনোয়ার, ধলা মিয়া, মোহাম্মদ রাসেল ও মো. ফারুকের নাম জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক দিয়ে চলাচলকারী কাঠবোঝাই ট্রাক থেকে এক হাজার টাকা এবং বালুবোঝাই ট্রাক থেকে ৫০০ টাকা করে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করা হচ্ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবদল নেতা মোহাম্মদ আলমগীর ও স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ কালার নেতৃত্বে এ চাঁদা তোলা শুরু হয়।
তবে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নুর উদ্দিনের নেতৃত্বে আরেকটি গ্রুপ এ দায়িত্ব নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ বাড়তে থাকে।
মঙ্গলবার টাকা তোলার দায়িত্বে থাকা ফারুকের ওপর আলমগীর গ্রুপের লোকজন হামলা চালালে তার সমর্থকেরা ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ট্রাক থেকে চাঁদা আদায়, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর আগেও বনবিভাগের এক কর্মকর্তাকে মারধরের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে।
ফারুক, চট্টলা২৪

