চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার বাহিরসিগন্যাল এলাকার বেপারিপাড়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, মুখোশধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের বের করে দিয়ে গোডাউনটিতে আগুন দেয়।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান জানান, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নির্বাপণ কার্যক্রম শুরু করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লিটন জানান, ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ গোডাউনে ঢুকে ভেতরে থাকা শ্রমিকদের বের করে দেয় এবং পরে আগুন লাগিয়ে দেয়। তবে কারা বা কেন এই অগ্নিসংযোগ করেছে, তা জানা যায়নি।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ফারুক, চট্টলা২৪

