রাঙামাটির কাপ্তাইয়ে মো. মামুন (৪২) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকার সিনেমা হল সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. মামুন চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, রাতে স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা শেষে বাসায় ফেরার পথে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী মামুনের ওপর হামলা চালায়। হামলাকারীরা রামদা ও ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতির দিকে নজর রাখা হচ্ছে। সুস্থ হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, হামলায় মামুনের মাথা ও হাতে গুরুতর জখম হয়েছে। হামলার কারণ এবং জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ফারুক, চট্টলা২৪

