শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সংকটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কমেছে

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে যানবাহন চলাচল। বিশেষ করে দূরপাল্লার বাস কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হাতে গোনা কয়েকটি পাম্পে সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ফলে অনেক যানবাহন নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছে না।

বারৈয়ারহাট, মিঠাচড়া, মিরসরাই সদর, বড়তাকিয়া ও নিজামপুর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, তেল সংকট ও পাম্প বন্ধ থাকার কারণে সীমিত সংখ্যক বাস ছাড়া হচ্ছে। এতে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে।

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। বড়তাকিয়া কাঁচাবাজারে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় পণ্যের সরবরাহ কম। পণ্যবাহী যানবাহন কম থাকায় চালান কমে গেছে, ফলে কাঁচামালের দাম বাড়তে শুরু করেছে।

অন্যদিকে এলপিজি গ্যাসের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। সরকারি দর নির্ধারণের আগেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক পরিবেশক কোম্পানি আগাম দাম বাড়িয়ে গ্যাস সরবরাহ করছে বলে জানিয়েছেন ভোক্তারা।

বড়তাকিয়া বাজারে অপেক্ষমাণ যাত্রী ইমতিয়াজ উদ্দিন বলেন, “দীর্ঘ সময় ধরে বসে আছি, কিন্তু বাস পাচ্ছি না। যেগুলো আসছে সেগুলোও অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছে।”

বারৈয়ারহাটে চয়েস বাসের চালক সাব মিয়া জানান, “পাম্পে তেল না থাকায় নিয়মিত গাড়ি চালাতে পারছি না। যেটুকু তেল পাওয়া যাচ্ছে, তা দিয়ে সীমিতভাবে গাড়ি চালাতে হচ্ছে।”

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, তেল সংকটের কারণে মহাসড়কে যান চলাচল আগের তুলনায় কিছুটা কমেছে।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...