ডিজিটাল যুগে অনলাইন গেমিং এখন আর শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে আসছে। বিশেষজ্ঞদের মতে, PUBG Mobile বাংলাদেশের তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে ডিজিটাল অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এই সম্ভাবনাকে সামনে রেখে এবং PUBG Mobile এর আট বছর পূর্তি উপলক্ষে আগামীকাল দুপুর ১ টা থেকে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের উদ্ভোধন করবেন চসিক মেয়র ডা. শাহাদার হোসেন। এখানে তরুণ গেমার, প্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তি এবং আগ্রহীরা অংশ নেবেন বলে জানা গেছে। অনুষ্ঠানে PUBG Mobile–এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ, ই-স্পোর্টস শিল্প, নতুন ক্যারিয়ার সুযোগ এবং বৈদেশিক আয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ই-স্পোর্টস, লাইভ স্ট্রিমিং এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ বৈদেশিক মুদ্রা আয় করছে।
বাংলাদেশেও একই সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে তরুণ গেমাররা আন্তর্জাতিক টুর্নামেন্ট, অনলাইন প্রতিযোগিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সম্প্রচারের মাধ্যমে বৈদেশিক দর্শকের সঙ্গে যুক্ত হচ্ছেন।
সংশ্লিষ্টদের মতে, এই আয় দেশের জন্য এক ধরনের ডিজিটাল রেমিট্যান্স হিসেবে কাজ করতে পারে। কারণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে অর্জিত ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা দেশে প্রবেশ করলে তা অর্থনীতিতে নতুন অবদান রাখবে।
এছাড়া গেমিং প্ল্যাটফর্ম তরুণদের মধ্যে কৌশলগত চিন্তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নেতৃত্ব এবং দলগত কাজের দক্ষতা বাড়াতে সহায়তা করছে, যা ভবিষ্যতের কর্মক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
কর্পোরেট মহলের ধারণা, গেমিং কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ব্র্যান্ড নতুন বাজার তৈরি করতে পারে এবং ডিজিটাল এনগেজমেন্ট বাড়াতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, এই খাতের সম্ভাবনাকে কার্যকর করতে হলে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, প্রশিক্ষণ এবং দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা।
বাংলাদেশ ঐতিহ্যগত শ্রম রপ্তানির পাশাপাশি ডিজিটাল ট্যালেন্ট রপ্তানির দিকেও এগোতে পারে, আর সেই যাত্রায় PUBG Mobile একটি সম্ভাবনাময় মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
ফারুক, চট্টলা২৪

